নাজির হোসেন,
রংপুরের প্রকাশিত দৈনিক যুগের
আলো পত্রিকার স্টাফ রিপোর্টার
উৎস রহমানের হত্যাকারীদের
গ্রেফতারের দাবিতে মৌন মিছিল
ও ডিসি এসপি অফিস ঘেরাও করে
স্মারকলিপি দিয়েছেন স্থানীয়
সাংবাদিকরা।

সোমবার দুপুরে
সাংবাদিকদের কাছ থেকে
স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
সাংবাদিকরা প্রশাসনকে ২৪ ঘণ্টার
আলটিমেটাম দিয়ে বলেছে এ সময়ের
মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে
লাগাতার আরও কঠোর কর্মসূচি
ঘোষণা করা হবে।

এর আগে দুপুর ১২ টার দিকে রংপুর
প্রেসক্লাবের সামনে থেকে
সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রথমে
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
করেন। সেখানে অতিরিক্ত জেলা
প্রশাসক মোস্তাইন বিল্লাহ
স্মারকলিপি গ্রহণ করেন। তিনি  উৎস
হত্যাকারীদের গ্রেফতার করার
ব্যাপারে সব ধরনের সহায়তা দেওয়ার
আশ্বাস দেন। এরপর সাংবাদিকরা
পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
করেন। এ সময় পুলিশ সুপার আব্দুর
রাজ্জাক স্মারকলিপি গ্রহণ করে
সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন,
ইতোমধ্যে সাংবাদিক উৎস হত্যার
সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক
নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক
করা হয়েছে। মূল হত্যাকারীকে
গ্রেফতার করার চেষ্টা চলছে। দ্রুততম
সময়ে সকল খুনিদের গ্রেফতার করে
বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর
আশ্বাস দেন তিনি।