রংপুর বিভাগঃ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে দিনাজপুর ও গাইবান্ধায় পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গতকাল বুধবার দুপুর ১২টায় র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল এটিএম আতিকুল্লাহ আতিক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাদল গত ৮ বছর ধরে নিজ এলাকা ছেড়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পোড়াহাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে বাদল হানজালা (৩২) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘোড়াবান গ্রামের আবদুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৫)। এর আগে বাদল গাইবান্ধায় একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি মুসল্লীদের জিহাদী কর্মকাণ্ডে সমপৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। এছাড়াও ওই এলাকায় জিহাদী লিফলেট বিতরণ করেতন। তিনি জেএমবি’র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অপরদিকে বেলাল হোসেন সংগঠনের নিয়মিত মাসিক চাঁদা দিতেন। তিনি কওমি মাদরাসায় কাফিয়া পর্যন্ত পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশার পাশাপাশি জেএমবি’র কর্মকাণ্ডের সঙ্গে সমপৃক্ত ছিলেন।

দিনাজপুর সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।